প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
বর্ষাকালে রাস্তায় জমা জল কাঁদা মাড়িয়ে বাড়ি ফেরার কারনে এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় পায়ে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। তাই এইসময় পায়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবে এর জন্যে প্রতি সপ্তাহে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই সামান্য কিছু নিয়ম মেনে চললেই সমস্যার সমাধান হবে নিমিষেই, পা হবে ফুলের মতো সুন্দর।
প্রথম ধাপ:
নখ ভালো করে কেটে পুরনো নেলপলিশ তুলে ফেলুন। নখের কোণা ঠিক করে কেটে পরিষ্কার করে নিন। নইলে পরে সমস্যা হতে পারে। কারণ নোংরা জীবানু সব থেকে বেশি ওখানেই জমে থাকে।
দ্বিতীয় ধাপ:
একটা বড় গামলায় গরম জলে বাথ সল্ট আর কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এবার পায়ে মাইল্ড লিক্যুইড সোপ বা বেবি শ্যাম্পু মাখিয়ে নিয়ে গরম জলে দুই পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
তৃতীয় ধাপ:
পা পরিষ্কার করার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে, পিউবিক স্টোন দিয়ে গোড়ালির অংশ পরিষ্কার করে নিন। আবার গরম জলে পা কিছুক্ষণ ভিজিয়ে রেখে, ভালো করে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন।
চতুর্থ ধাপ:
বেসন, চাল গুঁড়ো, মধু, লেবুর রস, মসুর ডাল বাটা একসঙ্গে মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। অথবা চিনি, টমেটো, লেবুর রস মিশিয়ে ও লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ভালো করে ঘসে ধুয়ে দিন।
পঞ্চম ধাপ:
পা ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন, তাহলে পায়ের চামড়া নরম থাকবে।
ষষ্ঠ ধাপ:
পা ভালো মতো শুকনো হলে পছন্দের রং এর নেলপলিশ লাগিয়ে নিন। হয়ে গেলে পা আর ধোবেন না। একদম শুকনো রেখেই শুয়ে পড়ুন। পরেরদিন সকালে জল লাগাবেন।