বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
১৯৮৮ সালে পুজোর শুরু সল্টলেক এ কে ব্লকের। ৩৬ তম বর্ষে এবারের পুজোর থিমের নাম বারি বিন্দু। ভাবনা ও সৃজনে রয়েছেন শিল্পী ভবতোষ সুতার। বিশ্ব উষ্ণায়ন, জলস্তর কমে যাওয়ার সমস্যার একমাত্র সমাধান বৃষ্টির জল সংরক্ষণ। ঠিক এই দিকটাই ফুটে উঠছে সল্টলেকের এ কে ব্লক অ্যাসোসিয়েশনের পুজোর এবারের থিমে।
পুজোর কর্মকর্তাদের ভাবনা অনুযায়ী, পৃথিবীতে তিন ভাগ জল। এর মধ্যে মাত্র ৩ শতাংশ বিশুদ্ধ জল। বিশুদ্ধ জলের ৬৫ শতাংশ হিমবাহ। মাত্র ১ শতাংশ নদী, খাল, বিল, পুকুরে প্রবাহিত হয়। মাত্র ০.৩ শতাংশ জল মাটির তলায়। সেই টুকু জল ৮০২ কোটি মানুষের ভরসা। ভরসা আর কত দিন?
বিশ্ব উষ্ণায়নে প্রতিদিন বাড়ছে সমুদ্রের জলস্তর। একটু একটু করে তলিয়ে যাচ্ছে পৃথিবীর মাটি। মাটির উপরে সাগর, মাটির নিচে শূন্যতা ! শুধু লবন হ্রদেই প্রতিদিন ছোটো, বড়, মাঝারি ২১৭ টি নলকূপ থেকে ১৭৮৩২ কিউব মিটার জল উঠছে জীবনের প্রয়োজনে। এই উপনগরীর মাটির গভীরে প্রতি বছর গড়ে ৩৩০০৯ কিউব মিটার জল শূন্য হচ্ছে। সেই শূন্যতা দখল করছে বিদ্যাধরী, মাতলার নোনা জল। পানীয় জলের আকালে শুকিয়ে যাচ্ছে বসুন্ধরার আত্মা, সঙ্কুচিত হচ্ছে পরমা প্রকৃতির জঠর। মাটির তলায় লবণ জলের জোয়ার ভাটা, মাটির উপরে কংক্রিটের চাদর। একমাত্র ভরসা বারিবিন্দু। সংকল্প তাই জল সংরক্ষণ। আকাশের জলে মাটির অন্তরের তৃষ্ণা মেটানোই হোক অঞ্জলি। পরমা প্রকৃতির শূন্য কলসে বারিবিন্দু অর্পণ হয়ে উঠুক আগামীর উপাচার।