প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
কলকাতা, ১৬ নভেম্বর: সুস্থ জীবনযাপন, শরীরচর্চা এবং ফিটনেসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে আরও একবার কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে ‘Shalimar’s Wellness Run Season 2’। আগামী ২২ নভেম্বর, রবিবার, সল্টলেক সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটারসাইডে আয়োজিত হবে এই বিশেষ দৌড় প্রতিযোগিতা। ইতিমধ্যেই শেষ হয়েছে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন পর্ব।
২০২৫ সালে প্রথমবার আয়োজিত ‘Shalimar’s Wellness Run’-এ অংশ নিয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবারের আয়োজনের মূলমন্ত্র ‘Bigger • Better • Stronger’। শুধু প্রতিযোগিতা নয়, সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা এবং প্রতিদিনের ব্যস্ত জীবনে শরীরচর্চার গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এবারের ওয়েলনেস রানে থাকছে মোট চারটি বিভাগ— ৩ কিমি, ৫ কিমি, ১০ কিমি এবং ১৬ কিমি। অভিজ্ঞ দৌড়বিদ ও নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত মানুষদের জন্য যেমন থাকছে ৫, ১০ ও ১৬ কিলোমিটারের বিভাগ, তেমনই নতুনদের উৎসাহ দিতে রাখা হয়েছে ৩ কিলোমিটারের বিশেষ বিভাগ। যাঁরা দীর্ঘদিন ধরে শরীরচর্চা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্যও এই বিভাগ একটি সুন্দর সুযোগ। এখানে দৌড়নো বাধ্যতামূলক নয়, চাইলে হেঁটেও পৌঁছনো যাবে ফিনিশ লাইনে। কারণ এই আয়োজনের মূল বার্তা— প্রতিযোগিতার পাশাপাশি নিজের সুস্থতার দিকে প্রথম পদক্ষেপ নেওয়াটাই আসল সাফল্য।
অনুষ্ঠানের দিন অংশগ্রহণকারীদের রিপোর্টিং টাইম ভোর ৫টা। সকাল ৬টায় শুরু হবে ১৬ কিলোমিটারের দৌড়, সকাল ৬টা ১৫ মিনিটে ১০ কিলোমিটার, সকাল ৭টা ১৫ মিনিটে ৫ কিলোমিটার এবং সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে ৩ কিলোমিটারের বিভাগ।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ইভেন্ট টি-শার্ট, ফিনিশার মেডেল, দৌড়ের পথে পানীয় জলের ব্যবস্থা, খাবারের বক্স এবং আকর্ষণীয় ওয়ার্ম-আপ সেশন। পাশাপাশি ৫, ১০ এবং ১৬ কিলোমিটারের তিনটি টাইমড বিভাগে বিজয়ীদের জন্য থাকছে ট্রফি ও নগদ পুরস্কার।
বর্তমান সময়ে ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত অভ্যাস এবং শরীরচর্চার অভাবের মধ্যে সুস্থতার গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিতেই শালিমার’স-এর এই উদ্যোগ। বয়স কিংবা অভিজ্ঞতা যাই হোক না কেন, প্রত্যেকের মধ্যেই সুস্থ জীবনের প্রতি সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।
‘Run for Health, Run for Happiness, Run for You’— এই বার্তাকে সামনে রেখে আগামী ২২ নভেম্বর কলকাতা সাক্ষী থাকতে চলেছে আরও একটি বিশেষ ওয়েলনেস ইভেন্টের।