প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
প্রয়াগরাজ এক কালে পরিচিত ছিল ইলাহাবাদ নামে। তবে বর্তমানে শহরের নামটি বদলে গিয়েছে। পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। উড়ে যাওয়ার সময় তাঁর মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল। সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না। এছাড়া দুর্বাঘাসের উপরেও অমৃতের ফোঁটা পড়েছিল। তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস লাগে।
মহাকুম্ভ প্রয়াগরাজে কেন হয়?
প্রয়াগরাজ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। তাই পৌরাণিক কাহিনি অনুসারে যে ৪ জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব বেশি। ধর্মীয় বিশ্বাস শাহী স্নানের সন্ধিক্ষণে যাঁরা এই তিন নদীর সঙ্গমস্থলে স্নান করেন, তাঁদের মুক্তিলাভ হয়।
কুম্ভমেলা কত প্রকার এবং কী কী?
কুম্ভ মেলা চার প্রকার- কুম্ভ, অর্ধ কুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহা কুম্ভ। গ্রহের অবস্থান অনুসারে সমস্ত কুম্ভ মেলার আয়োজন করা হয়।
কুম্ভ মেলা: প্রয়াগরাজ ছাড়াও হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নেও কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই মেলা ১২ বছরের ব্যবধানে পালিত হয়। এ জন্য একে একে চারটি স্থান নির্বাচন করা হয়। এই সময়ে ভক্তরা গঙ্গা, ক্ষিপ্রা, গোদাবরী এবং সঙ্গমে (তিনটি নদীর মিলনস্থল) স্নান করেন।
অর্ধ কুম্ভ: কুম্ভ মেলার বিপরীতে, অর্ধ কুম্ভ প্রতি ছয় বছর পর পালিত হয়। অর্ধ কুম্ভের আয়োজন করা হয় শুধুমাত্র দুটি জায়গায়, প্রয়াগরাজ এবং হরিদ্বার। অর্ধ মানে অর্ধেক। সেজন্য ছয় বছর পর এর আয়োজন।
সম্পূর্ণ কুম্ভ: ১২ বছর পর পালিত কুম্ভ মেলাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। পূর্ণ কুম্ভ শুধুমাত্র প্রয়াগরাজের সঙ্গম তীরে অনুষ্ঠিত হয়। এইভাবে, ২০২৫ সালের জানুয়ারিতে প্রয়াগরাজে অনুষ্ঠিতব্য মেলাটি কেবল কুম্ভ নয়, একটি সম্পূর্ণ কুম্ভও।
মহাকুম্ভ: মহাকুম্ভ ২০২৫ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। এটি ১৩ জানুয়ারি শুরু হবে এবং ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।
এবছর কুম্ভমেলার বিশেষ স্নান কবে কবে?
পৌষ পূর্ণিমা: ১৩ জানুয়ারি, ২০২৫।
মকর সংক্রান্তি: প্রথম শাহি স্নান, ২০২৫, ১৪ জানুয়ারি।
মৌনী অমাবস্যা: দ্বিতীয় শাহি স্নান, ২০২৫ সালের ২৯ জানুয়ারি।
বসন্ত পঞ্চমী: ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি।
মাঘী পূর্ণিমা: ২০২৫ সালের ১২ জানুয়ারি।
মহাশিবরাত্রি: ফেব্রুয়ারি ২৬, ২০২৫।
নাগা, কাপালিক সহ ভারতে বসবাসকারী প্রায় সব ধরনের সাধু এই মেলায় অংশ নেন। পূণ্যার্থীরা বিশ্বাস করেন, মেলা চলাকালীন স্নান করলে সব পাপ ধুয়ে যায়। অমরত্ব লাভ করা যায়।