রান্নাঘর
নিজস্ব প্রতিনিধি
পনির পালং কাঠি রোল
কী কী লাগবে
একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, পাঁচ থেকে ছয়টা রসুন কুচি, একটা কাঁচালঙ্কা কুচি, ছোট একটা টমেটো কুচি, ১০০ গ্রাম পনির (মাঝারি আকারে কেটে নিতে হবে), ছোটো এক কাপ পালং শাক বাটা, দুই কাপ আটা, দুই টেবিল চামচ সাদা তেল/আমুল লাইট, হাফ চা চামচ লেবুর রস, স্বাদমতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শাহী গরম মশলা, স্বাদমতো চাট মশলা, এক চা চামচ টমেটো সস, ধনে পাতা কুচি
কিভাবে বানাবেন
একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে এক চা চামচ তেল/আমুল লাইট গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে টমেটো কুচি, পনিরের টুকরো, স্বাদমতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ শাহী গরম মশলাা। ভালো করে সতে করে নিতে হবে, সবশেষে টমেটো সস ও ধনে পাতা কুচি দিয়ে নেড়ে আঁচ থেকে নামিয়ে ঢেকে রাখুন।
একটি পাত্রে দুই কাপ আটার সাথে এক কাপ পালং শাক বাটা, স্বাদমতো নুন ও অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। রুটির মতো বেলে চাটুতে অল্প আমুল লাইট দিয়ে রুটি গুলো ভেজে নিন। এবার বানিয়ে রাখা পনিরের পুর রুটির মধ্যে দিয়ে তাতে লেবুর রস ও চাট মশলা দিয়ে রোলের মত মুড়ে পরিবেশন করুন। গরম গরম মজাদার পনির পালং কাঠি রোল।