রান্নাঘর
তনুজা আচার্য্য
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। হিন্দু ধর্মে এইদিন টিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে মানা হয়। বলা হয় যে কোনো শুভ কাজ এইদিনে করলে তা অক্ষয় হয়। এইদিন ধনের দেবী মা লক্ষ্মী, গনেশ এবং বিষ্ণুর আরাধনা করা হয়। যে কোন ভারতীয় উত্সব অনুষ্ঠানে মিষ্টি হল একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে নিষ্ঠাভরে বানানো সুস্বাদু মিষ্টি ছাড়া উত্সব বা পুজো কোনওটাই সম্পূর্ণ হয় না। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে দুধ থেকে তৈরি কোন মিষ্টি দেবতাকে অর্ঘ্য করবেন, জানুন...
ক্ষীর কদম্ব
কী কী লাগবে
খোয়া বানানোর জন্য: ঘি ১ চামচ, দুধ ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ৩ চামচ।
বাকি উপকরণ: দুধ ১ লিটার, লেবুর রস ২ চামচ, চিনি ১কাপ + ১ চা চামচ, জল দেড় কাপ, এলাচ ২টি, গুঁড়ো ক্ষীর ৪ চামচ, লাল খাবার রং এক চিমটে, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ।
কীভাবে বানাবেন
খোয়া বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি, দুধ, গুড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে এলে ঠাণ্ডা করে নিলেই খোয়া ক্ষীর তৈরী।
এবার বাকি দুধ জ্বাল দিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ছানা কেটে জল ঝরিয়ে নিন। অর্ধেক পরিমাণ ছানা বেশ ভালো করে মেখে তাতে লাল খাবার রং মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। দেড় কাপ জল আর ১ কাপ চিনি জ্বাল দিয়ে ঘন সিরা বানিয়ে তাতে ছানার বল গুলো ফুটিয়ে মিস্টি গুলো বানিয়ে নিন। এবার খোয়া ক্ষীরের সাথে বাকি অর্ধেক ছানা, ভ্যানিলা এসেন্স ও ১ চামচ চিনি একসাথে মেখে নিন। মাঝে একটা করে মিস্টি আর ওপরে খোয়া ক্ষীরের মিশ্রন দিয়ে বলের মতো গড়ে গুঁড়ো ক্ষীরে গড়িয়ে নিলেই তৈরী ক্ষীরকদম্ব।