প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
হ্যান্ডলুম থেকে ঢাকাই মসলিন, ইক্কত অথবা বিষ্ণুপুরী সিল্ক; শাড়ির সঙ্গে রুপোর গয়নার সঙ্গত আপনার সাজকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেবে তা বলাই বাহুল্য। আবার ফিউশন এবং সেমি ফর্মাল পোশাকের সঙ্গেও রুপোর গয়না এখন ভীষণ ভাবে ট্রেন্ডি। তবে শাড়ির সঙ্গে ভারী এবং ট্রাইবাল ধাঁচের গয়না বেছে নিলেও, ফিউশন ও সেমি ফর্মাল পোশাকের জন্য পড়ুন জ্যামিতিক বা অ্যাবস্ট্রাক্ট নকশার গয়না। তবে, গয়না তো শুধুমাত্র কিনলেই হবে না। তার যত্নআত্তি করা চাই। কীভাবে রাখলে বহুবছর পর্যন্ত একই রকম জ্বেলা থাকবে, চলুন জেনে নিই।
১.একটি পাত্রে অ্যালুমিনিয়ম ফয়েল রেখে তার উপর রুপোর গয়না রাখুন। এবার ২ চামচ বেকিং সোডা মেশানো ঈষদুষ্ণ জল ওর উপর ঢালুন। আধ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে আলতো হাতে গয়না পরিষ্কার করে নিন। নরম পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন। দেখুন, হারানো উজ্জ্বলতা আবার ফিরে এসেছে।
২.অনেক সময়েই রুপোর গয়নায় মুক্তো এবং অন্যান্য দামী পাথর বসানো থাকে। সে ক্ষেত্রে কিন্তু গয়না ধরে ঈষদুষ্ণ জলে চোবানো যাবে না। সেক্ষেত্রে টুথপেস্ট ঘসে পরিস্কার করে নিতে পারেন।
৩.পারফিউম, লোশন, হেয়ার সিরাম এগুলো রূপোর রং কালো করে দেয়। তাই প্রতি বার ব্যবহারের পরে গয়না নরম কাপড় দিয়ে মুছে তারপর তুলে রাখুন। এমন ভাবে রাখবেন, যাতে সূর্যের আলো থেকে দূরে থাকে।
৪.রূপোর গহনা চকচকে করতে লেবুর জুড়ি নেই। একটি লেবু কেটে তার মধ্যে লবণ লাগিয়ে গয়নার ওপর ঘসে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। নিমেষেই ঝকঝকে হবে।
৫.গয়না পরিষ্কার করার জন্য পলিশিং ক্লথ অনলাইনে পাওয়া যায়। বেশিরভাগ ব্র্যান্ড ডিসপোজেবল ও পুনঃব্যবহারযোগ্য পলিশিং ক্লথ তৈরী করে। গয়নার উপর আঙুলের ছাপ, ময়লা, স্ক্র্যাচ, তেলের দাগ দূর করতে সাহায্য করে।
রত্নখচিত গয়না থেকে ময়লা বের করতেও পলিশিং ক্লথ ব্যবহার করতে পারেন।