19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

বাড়িতে মাত্র ২ টি মাছের পেটি থাকলেই বানাতে পারেন চমৎকার স্বাদের এই মাছের চপ।

রান্নাঘর

নিজস্ব প্রতিনিধি


"রাঁধার পর খাওয়া, আর খাওয়ার পর রাঁধা" যেন একান্নবর্তী পরিবারের হেঁশেলের বাঁধাধরা নিয়ম ছিল একসময়। পাচক ঠাকুর বামুন থাকলেও গৃহকর্ত্রীর নির্দেশেই পরিচালিত হতো সবকিছু। হঠাৎ করে অতিথি এলে থালাভর্তি করে আসতো জলখাবার লুচি আলুর বাটি চচ্চড়ি মিষ্টি। দুপুরের রান্না তাও যেন যজ্ঞিবাড়ির এলাহি আয়োজন। আবার দুপুরের খাবার শেষে চলতো বিকেলের তেলেভাজার প্রস্তুতিপর্ব। মুড়িমাখার সাথে পোস্ত ছড়ানো খোসাভাজা, মৌরলা পেঁয়াজী, মাছের কচুরি,  নিরামিষ আমিষ চপ কাটলেট ইত্যাদি ইত্যাদি....।

এখন এসব শুনলে মনে হয় গল্পকথা। নিউক্লিয়ার পরিবারে বড় হয়েছি, পুরোনো দিনের গল্প শুনলে অবিশ্বাস্য মনে হয়। ঠাকুরদা এদেশে এসেছেন দেশভাগের আগেই। বাবা গত হয়েছেন যখন আমার বয়স ৬। পিসিদের কাছে যতটা গল্প শুনেছি দেশের বাড়ির, তাতে ভর করেই মনে মনে কল্পনা করি বাবা জ্যাঠা পিসিরা মিলিয়ে ছ'জন আর দাদু ঠাকুমার ভরভরন্ত সংসার কেমন ছিলো। সবকিছু কিভাবে চলতো! 

নিজের ছোট্ট পরিবারে ছুটির দিনে আমিও চেষ্টা করি বাড়িতে বানানো সবকিছু করতে। কতটা পারি জানিনা, তবে চেষ্টা করি। আপনারাও বানাতেই পারেন নিজেদের রান্নাঘর এ।

মাছের চপ

কী কী লাগবে 
৪-৫ টি মাছের পেটির টুকরো, ১/২ চামচ লেবুর রস, ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চামচ সরষের তেল, স্বাদমতো নুন, ১ টি বড় পেঁয়াজ কুচি, ১ টি কাঁচালঙ্কা কুচি, ২ কোয়া রসুন কুচি, 
১/২ চামচ কালোজিরে, ১/২ চামচ হলুদ, ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ভাজা মশলা, ১ টি আলু সেদ্ধ, ২ চামচ ধনেপাতা কুচি,
২ টি ডিম, ১ চামচ জিরের গুঁড়ো, ১/২ চামচ আদা রসুন বাটা, ১ চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস, পরিমাণ মতো তেল 

কীভাবে বানাবেন 
প্রথমে মাছগুলোকে নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করুন। এবার তেলে কালোজিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি ভেজে, ম্যারিনেটেড মাছ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষান। কষানো হলে, আলু সেদ্ধ আর ধনেপাতা কুচি  মিশিয়ে দিলেই  পুর তৈরি। এবার ব্যাটারের জন্য ডিম, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা  আর নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মাছের পুরে অল্প করে ব্রেড ক্রাম্বস মিশিয়ে  তাকে ছোট ছোট মাছের মত শেপ দিয়ে প্রথমে ব্যাটারে, তারপর ব্রেড ক্রাম্বসে ২ বার ডিপ আর কোট করে ফ্রিজে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। শেপটা সেট হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ছবিঃ রক্তিমা

Archive

Most Popular