প্রতিবেদন
সুস্মিতা মিত্র
স্নানযাত্রা শেষ এবার রথযাত্রার পালা। শহরের রাজ পথ ধরে এগিয়ে চলবে রথের চাকা রথে চেপে ঘুরতে বের হবেন তিন ভাইবোন, জগন্নাথ বলরাম সুভদ্রা।ছোটবেলায় নিজের হাতে সাজানো রথ টেনে সারা পাড়া ঘুরে বেড়ানোর স্মৃতিও জেগে উঠবে অনেকের মনে।
রথের কথা এলেই সবার প্রথমে নাম আসে পুরী মন্দিরের। তবে এছাড়াও গোটা দেশ জুড়ে এইদিন অনেক জায়গাতেই রথযাত্রার অনুষ্ঠান হয়। রথের মেলা ও বসে। কলকাতার কাছাকাছি থাকলে আপনিও ঘুরে আসতে পারেন শিবমন্দির পুজো কমিটির রথের উৎসবে। শিবমন্দির পুজো কমিটির রথযাত্রা এবছর অষ্টম বৎসরে পদার্পণ করলো। এইদিন সকাল ৯ টায় জগন্নাথ দেবের পুজোর পর, ১০ টায় হবে খুঁটি পুজো। রথের রশিতে টান পড়তেই দেবী দুর্গার আবাহন ধ্বনিত হতে থাকে বাংলার দিকে দিকে। দুর্গাপুজো আসতে আর কত দেরি, তার গুনতি শুরু হয়ে যায় এইদিন থেকেই।
শিবমন্দির পুজো কমিটির রথযাত্রার বিশেষ আকর্ষণ ফানুস ওড়ানো। প্রভু জগন্নাথের চিত্র অঙ্কিত বিশালাকার একটি ফানুস ওড়ানোর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। যা দেখতে জড়ো হন পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষজন। এরপর ২০ থেকে ২২ জনের একটি দল কৃষ্ণ নাম সংকীর্তন করতে থাকেন এবং রথ কলকাতার রাজপথ ধরে এগিয়ে চলে। ফিরে এলে বসে রথের মেলা। পাঁপড় ভাজা, জিলিপি থেকে ঘর গেরস্থালির হরেক জিনিস বিকোয় এই মেলায়। এবছর ৭ই জুলাই বসবে এই মেলা। পরের সপ্তাহে ১২, ১৩ আর ১৪ই জুলাই বসবে উল্টোরথের মেলা।
এবছর রথ কবে?
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২২ আষাঢ় অর্থাৎ ৭ জুলাই পড়ছে রথযাত্রা। এই রথযাত্রার দ্বিতীয়া তিথি অবশ্য ৬ জুলাই থেকে পড়ছে। ৬ জুলাই ভোররাত ৪/২/৩৫ মিনিট থেকে দ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে। ৭ জুলাই ভোররাত ৪/৩১/৪০ মিনিট পর্যন্ত থাকছে তিথি।