ভ্রমণ
কমলেন্দু সরকার
বিয়ের পর সময় পাননি মধুচন্দ্রিমা বিমানের যাপনের? ছিল কোভিডের চোখ রাঙানি? যাকে সাদা বাংলায় বলে, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! কুছ পরোয়া নেহি। শীতের কাছে পিঠে বেড়ানোর সঙ্গে জুড়ে মধুচন্দ্রিমার যাপন। এক ঢিলে দুই পাখি। তাহলে বেরিয়ে পড়ুন।
কিন্তু কোথায়? সত্যিই তো জায়গাটির নাম এখনও বলা হয়নি। জায়গাটি হল- - চিসাং। নাম শুনে মনে হচ্ছে, চিনে যেতে হবে নাকি! না, না, তবে চিনে যেতে হবে! হেঁয়ালি মনে হচ্ছে? একেবারেই নয়। চিনে-র অর্থ চিনে চিনে যেতে হবে। তাহলে এবার খোলসা করে বলা যাক। ভুটান সীমান্তের কাছে একটি ছোট্ট এক অচেনা গ্রাম চিসাং। অচেনা তাই চিনে যেতে হবে। ঘরের কাছেই ডুয়ার্সের অফবিট জায়গার একটি হল চিসাং। অফবিট বলে লোকজনেরও তেমন ভিড় নেই। ফলে, একেবারে শান্ত নিরিবিলি জায়গা! মধুচন্দ্রিমা যাপনের আদর্শ হতে পারে এই চিসাং।
জনবসতি ও খুব বেশি না হওয়ায় এখানে প্রকৃতিকে অনুভব করা যায় একেবারে নিজস্ব ছন্দে। প্রকৃতিও এখানে মেলে আছে নিজের ছন্দে, একেবারে কবিতার ছন্দে। সেটা মন্দাক্রান্তা না পয়ার, তা খুঁজে বার করার ভার আপনার আমার। দূষণহীন শান্ত নিরিবিলি এক অপূর্ব পরিবেশ চিসাংয়ে! প্রকৃতির তার আপন কোলে তুলে রেখেছে এই মাধুর্যময় গ্রামটি। এখানে যখনই পা দেবেন তখনই একাত্ম হয়ে যাবেন প্রকৃতির মাঝে! আপনি যথার্থ প্রকৃতিপ্রেমী হলে, আপনাকেও প্রকৃতি তার কাছে টেনে নেবে। নিজে থেকেই তা অনুভব করতে পারবেন!
চিসাংয়ের মূল আকর্ষণ এখানকার অবর্ণনীয় রূপসৌন্দর্য! ভারত, ভুটান, চিনের সীমান্তে দূরে বরফ-ঢাকা পাহাড় দেখা যয়। চিসাং হল পাহাড়ি ফুলের নন্দনকানন! আয়ুর্বেদিক গাছগাছালির পীঠস্থান। মনকেমন করা নিস্তব্ধতা আর নিঃশব্দতা দুই মিলেমিশে একাকার। তারই মাঝে অচিন পাহাড়ি পাখির ডাক মন ভাল করে দেয় নিমেষে! প্রকৃতিপ্রেমীরা প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাবেন চিসাংয়ের, এ-কথা হলফ করে বলা যায়। চিসাং থেকে কিছুটা দূরে দাওয়াইখোলা নদী। এর জল নাকি সর্বরোগহরা। তেমনই বিশ্বাস স্থানীয়দের। নদীর পারেই আর রূপকথার দেশ তোদে আর তাংটা। পুরো এলাকা জুড়ে নানারকম হিমালয়ান বার্ডের উপস্থিতি। পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য!
কীভাবে যাবেন:
শিলিগুড়ি, এনজেপি থেকে চিসাংয়ের দূরত্ব প্রায় ১১৬ কিমি। শিলিগুড়ি বা এনজেপি জংশন থেকে চিসাং পৌঁছনোর জন্য সরাসরি গাড়ি ভাড়া করে নিতে হবে চিসাংয়ের জন্য। ভাড়া ৪০০০-৫০০০ টাকা। কিংবা চালসা বা ঝালং। সেখান থেকে অন্য গাড়িতে চিসাং। চিসাং যাওয়ার জন্য সরাসরি শেয়ার গাড়ি পাওয়া যায় না। নইলে হোমস্টেকে বললে ওরা গাড়ি পাঠিয়ে দেবে। ভাড়া ৪৫০০-৫০০০ টাকা। চিসাংয়ের সবচেয়ে কাছের রেল স্টেশন নিউ মাল জংশন। এখান থেকে চিসাংয়ের দূরত্ব কমবেশি ৫৫ কিমি।
নিউ মাল থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসা যায় চিসাং। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা যায় নিউ মাল জংশন। সবচেয়ে ভাল যদি এনজেপি থেকে ভিস্টাডোমে যাওয়া যায়। চিসাংয়ের প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আগেই প্রকৃতি কাছাকাছি হতে পারবেন। কিংবা গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন: Basak Cab Service- 08584075079/ 08250364852.
কোথায় থাকবেন:
Chi-asang Wildwood Retreat Homestay, Cost: Per day Per head Rs. 1700-2300 (fooding and lodging all inclusive). Mobile: 089003 70801 The Senere Acres Homestay, Cost: Rs.1500 (fooding and lodging all inclusive). Mo- bile: 09475217042. হোমস্টে থেকেও দারুণ দৃশ্য চোখে পড়বে।