রান্নাঘর
সুস্মিতা মিত্র
কমলালেবু মানেই নস্ট্যালজিয়া। শীতের রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়ার মজাটাই অন্যরকম। এছাড়াও এই সময় স্কুলে হত স্পোর্টস, পিকনিক। এসব অনুষ্ঠানে কিন্তু পড়ুয়াদের জন্য ধরাবাঁধা থাকত একপিস করে কমলা লেবু। কমলালেবুর সঙ্গে জুড়ে আছে সকলেরই ছোটবেলার গল্প। আর যে কারণে কমলালেবু আমাদের কাছে এত স্পেশ্যাল। এসব ছাড়াও কমলালেবুর কিন্তু উপকারিতা অনেক। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। থাকে নানা ভিটামিন খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভিনয়েড, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ডায়েটারি ফাইবার। তাই শুধুমাত্র ফল হিসেবে না খেয়ে রান্নাতেও রয়েছে এর অবাধ বিচরণ। দুটি রেসিপি রইলো আজ।
কই কমলা
কী কী লাগবে
কই মাছ ৪টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, কমলালেবুর রস ১ কাপ, সরষের তেল ১/২ কাপ, তেজপাতা ১টি, গোটা জিরে ১/২ চা চামচ, চেরা কাঁচালঙ্কা ২ টি।
কীভাবে বানাবেন
মাছগুলো নুন হলুদ মেখে ভেজে তুলে নিন। ঐ তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষুন। গরম জল আর ভাজা মাছ দিয়ে ফুটতে দিন। কমলালেবুর রস আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ২-৩ মিনিট রেখে নামিয়ে নিন।
গ্রিলড চিকেন, বিটরূট আর কমলালেবুর স্যালাড
কী কী লাগবে
চিকেন ব্রেস্ট ফিলেট ২০০ গ্রাম, বিটরূট ১০০ গ্রাম পাতলা স্লাইস করা, কমলালেবু ১ টি, বেলপেপার কুচোনো ১/২ কাপ, নুন গোলমরিচ গুঁড়ো স্বাদমতো, রেড ওয়াইন ভিনিগার ১ চা চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, পার্সলে পাতা কুচি ১/২ চা চামচ, পারমেসান চিজ পরিমাণ মতো।
কীভাবে বানাবেন
চিকেন ফিলেট এ নুন গোলমরিচ, লেবুর রস মেখে গ্রিল করে টুকরো করে কেটে নিন। একটি পাত্রে স্লাইস করা বিটরূট, কমলালেবুর কোয়া, কুচোনো বেলপেপার, নুন গোলমরিচ, গ্রিলড চিকেন কিউব, রেড ওয়াইন ভিনিগার, অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ওপর থেকে কুচোনো পার্সলে আর পারমেসান চিজ ছড়িয়ে পরিবেশন করুন।