প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। পুরো মাসটিই মহাদেবের প্রিয় মাস হলেও প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় হওয়ার দু'টি কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।
এইবছর শ্রাবণ মাস অন্যান্য বছরের তুলনায় বিশেষ কেন?
এবছর ২২ জুলাই সোমবার থেকে শ্রাবণ মাসের শুরু হচ্ছে। মাস শেষ হচ্ছে ১৯ আগস্ট, সোমবার। এই কারণে এবছর ৫টি শ্রাবণ সোমবার হবে। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে।
কী কারণে শ্রাবণ মাস এতো গুরুত্বপূর্ণ?
পৌরাণিক কাহিনী অনুযায়ী, শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে নীলকন্ঠ হন। এই ঘটনাকে স্মরণ করার জন্য, ভক্তরা শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করেন এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
পুজোর উপকরণ:
শিবলিঙ্গ, সাদা ফুল, বিল্বপত্র, ধুতুরা, পাঁচ রকম ফল, পাঁচ মেওয়া, আম, আমের মঞ্জরী, মন্দার ফুল, কাঁচা গরুর দুধ, কর্পূর, ধূপ, প্রদীপ, সাদা চন্দন, খাঁটি দেশি ঘি, পাঁচ রকম মিষ্টি, দধি, মধু, গঙ্গাজল।
কোন কাজ ভুলেও করবেন না?
১.শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। তামা, রূপো বা পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিতে পারেন।
২.তুলসী পাতা দেবেন না।
৩.সিঁদুরের প্রলেপ দেবেন না। বরং সাদা চন্দনের তিলক লাগাতে পারেন।
৪.মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন।
৫.শিবলিঙ্গে কাঁচা গরুর দুধ ঢালুন। কিন্তু নিজে খাবেন না। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে।
৬.শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না।
শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কী ফল লাভ হয়?
শিবলিঙ্গে দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয়। গরুর দুধ অভিষেকে রাহুর দোষ নাশ বা হ্রাস হয়। শিবলিঙ্গে ঘি অভিষেকে রোগ এবং অসুস্থতা হইতে পরিত্রাণ মেলে। শিবলিঙ্গে মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়। শিবলিঙ্গে দই অভিষেকে সন্তানের মঙ্গল হয়। সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয়। শিবলিঙ্গে চন্দন অভিষেকে ভাগ্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভাল হয়।শিবলিঙ্গে বিভূতি অভিষেকে কর্মে সাফল্য এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হয়।শিবলিঙ্গে স্নিসধ ডাবের জল অভিষেকে জীবনে আনন্দ এবং পরিতৃপ্তি দান করে। পঞ্চমৃতম অভিষেকে (পাকাকলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর, মধু) ধন-সম্পদ প্রাপ্তি হয়।
উপোস ভেঙ্গে কী খাবেন?
হিসেবমতো আগুনে জ্বাল দেওয়া কোনো কিছুই এইদিন খেতে নেই। ফল, সাবুদানা, দুধ, দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। তবে কোনও ভাবেই তেল, ভাত, ওটস, বার্লি, আটা, ময়দা খাওয়া যাবে না।