19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

চাপড়া ষষ্ঠী বা ঘাট ষষ্ঠী

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


স্কন্দ পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী। তিনি ব্রহ্মার মানস কন্যা, নাম দেব সেনা। মাতৃকার মধ্যে প্রধানা, প্রকৃতির ষষ্ঠাংশ রূপা। প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে পুজিত হন মা ষষ্ঠী। জৈষ্ঠ্য মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসে লুন্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালিত হয়। মূলত সন্তানের সুস্বাস্থ্য , দীর্ঘ আয়ু এবং ধনলাভের কামনায় ভাদ্রমাসের শুক্লা ষষ্ঠী তিথিতে চাপড়া ষষ্ঠী পালিত হয়। একে কোনো কোনো অঞ্চলে অক্ষয় ষষ্ঠী ও বলা হয়। 

পুজোর বিধি: কলাগাছের কান্ডের ত্বক আর নারকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করা হয়। নৌকায় রাখা হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল, রিং এর মতো দেখতে পিটুলির চাপড়া, তাতে সিঁদুরের টিপ দেওয়া হয়। মূলত ছেলেদের মায়েরা এই লৌকিক উৎসবে যোগদান করেন। তাঁরা আঁচলে কলা বেঁধে ছেলেমেয়েকে কোলে নিয়ে চাপড়া ষষ্ঠীর ব্রতকথা শোনেন। তারপর কাঁঠালী কলা, পিটুলী গোলা দিয়ে পুতুল বানিয়ে পুকুরে ভাসায় গ্রামের মায়েরা, সন্তানের কল্যাণে। এই দিন চালের কিছু খেতে নেই। তার বদলে লুচি, পরোটা খাওয়ার বিধান রয়েছে। আর মটর ডালের চাপড়া বানিয়ে তাওয়ায় সেঁকে মায়েদের খেতে হয়। তালের রস দিয়ে চাপড়া পিঠে বানিয়ে দেবীকে উৎসর্গ করেন। তারপর পুজো শেষে তা বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়।

ব্রতকথা: কথিত আছে, কোনও এক দেশে এক বণিক বাস করত। তার তিন ছেলে তিন বউ ছিল। বণিক ও বণিকের বউ তার ছোট ছেলের সন্তানকে বেশি ভালোবাসতেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের একসময় চাপড়া ষষ্ঠী করবে বলে বণিকের বউ একটি পুকুর কাটলে সেই পুকুরের কোন জল দেখা গেল না। তারা মনের দুঃখে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে ঘুমিয়ে যেতেই রাত্রে স্বপ্নাদেশ পান যে ছোট নাতিকে কেটে যদি তার রক্ত ওই পুকুরে ছড়িয়ে দেওয়া হয়, তবে জল দেখা দেবে। অনেক কান্নাকাটি পর তারা মা ষষ্ঠীর আদেশ অনুযায়ী ছোট নাতির রক্ত সেই পুকুরে ছড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ছোট বউ তার চাপড়া এবং পিটুলির পুতুল ভাসানোর সময় পুকুর থেকে পুনরায় তার ছেলেকে ফিরে পায় এবং এরপর থেকেই মা ষষ্ঠীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এই ব্রত শুরু হয়।

Archive

Most Popular