বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
সাবর্ণপাড়া বড়িশা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৬ তম বর্ষে এবারের থিমের নাম ‘রুদ্রাণী’। সৃজনে রয়েছেন অনিমেষ দাস। প্রতিমা শিল্পী সৌমেন পাল।
মায়ের রুদ্র রূপ রুদ্রানী। তারই আহ্বানে, এবারের বিশেষ নিবেদন। পুজো কমিটির এই পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছে পুজো মন্ডপ এবং মাতৃ মূর্তি। প্রকৃতির কোমল সৃষ্টি নারী, তারা এই বিশ্ব সংসারকে নিজেদের কাঁধে বহন করে নিয়ে চলে। আর সেই নারী জন্মই আজ অস্তিত্বের সীমানায় দাঁড়িয়ে, নিম্ন মানসিকতার পায়ের তলায় তাদের নিরাপত্তা আটকে আছে।
ভ্রুণ হত্যা থেকে শুরু করে নানা রকম নির্যাতন এখন তাদের সারা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের লড়াই সম্ভ্রমের, অস্তিত্বের, অধিকারের, নিরাপত্তার। কিন্তু কার কাছে চাইবে? সমাজের কাছে? না প্রকৃতির কাছে? না সৃষ্টিকর্তার কাছে? তাই সময় এসেছে কোমল খোলস ছেড়ে গর্জে ওঠার। নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার। দেখাতে হবে নিজের ক্ষমতা। আর চোখে জল নয়, এবার চোখ দিয়ে আগুন ঝরবে। সেই আগুনে পুড়ে ছাড়খার হবে নিম্ন মানসিকতার কালিমা, নৃশংসতা, পাশবিকতা। রুদ্ররূপী নারী শক্তির হাতে হোক অশুভ শক্তির বিনাশ।
কীভাবে যাবেন:
সখের বাজার থেকে ডানদিকে গেলে পড়বে বড়িশা চন্ডী বাড়ি। কাছেই সাবর্ণপাড়া রোডে এই পুজো মন্ডপ। কাছাকাছি মেট্রো স্টেশন সখের বাজার।