প্রতিবেদন
অন্তরা ব্যানার্জি
চারদিকে বসন্তের আমেজ। বাতাসে কেমন যেন প্রেম প্রেম ভাবের ছোঁয়াচ! প্রেম দিবসের প্রস্তুতিতে মজে উঠেছেন প্রায় সবাই। এই ভ্যালেন্টাইন উইক স্পেশাল ফ্যাশন স্টাইলিং নিয়ে লিখলেন ফ্যাশন স্টাইলিস্ট এবং কিউরেটর অন্তরা ব্যানার্জি।
কার কখন কাকে ভালো লেগে যাবে একথা কেই বা বলতে পারে! সেই প্রিয় মানুষটির চোখ যেন সবসময় নিজের দিকেই আটকে থাকে, চলতে থাকে তার নিরন্তর প্রয়াস। বিশেষ দিনে বিশেষ সাজে দেখলে তাঁর ও মন মজতে বাধ্য। প্রেম দিবসে ডেটে যেতে চাইলে সেই সম্পর্কিত সাজগোজের টিপস নিয়ে হাজির আমরাও। ফেব্রুয়ারী মানেই বসন্তের সূচনা, হাওয়ায় নরম উষ্ণতা, লাল গোলাপী প্রেমের রঙে ভুরভুরে আবহাওয়া। ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে, পাশ্চাত্য উৎসব হলেও, ইয়ং ও ইয়ং এট হার্ট বাঙালীদের মধ্যে এই দিনটি যথেষ্ট জনপ্রিয়। তাঁরা যথার্থ উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালন করেন।
ভ্যালেন্টাইন্স ডে- ভালবাসার উৎসব, তাই প্রিয়তমর নজর কাড়তে, সাজ-সজ্জা ও শৃঙ্গার, এই দিনের অভিন্ন অঙ্গ।
ভ্যালেনটাইনস ডে ফ্যাশন আপডেট:
এ বছর, ডিজাইনার শাড়ী আর লেহেঙ্গা চোলির ক্রেজ তুঙ্গে। কারণ এই দুই পোশাকেই ঐতিহ্য ও হাল ফ্যাশনের দারুন মেলবন্ধন করা যায়।
ফ্লোরাল লাল, বেবি পিঙ্ক বা প্যাস্টেল শেডের জর্জেট বা শিফন শাড়ী এর জন্য পারফেক্ট।
সঙ্গে হল্টার নেক বা ব্যাক লেস ব্লাউজ, দুটো ছোট্ট হীরের টপ, গোলাপের পারফিউম, ম্যাচিং জুতো এবং হ্যান্ড পার্স দিয়ে সম্পূর্ণ লুকটা- জাস্ট ফাটাফাটি!
ফিউশন স্টাইল:
শাড়ী বা লেহেঙ্গার মতো পারম্পরিক লুক যারা চান না, তাঁরা হলুদ, তুঁতে, কমলা বা জলপাই সবুজের মতো ট্রেন্ডি রঙের, ফিউশন স্টাইল কো-ওর্ড সেট বা জাম্প স্যুট বেছে নিতে পারেন। সঙ্গে কনট্রাস্ট কালারের ব্লক হীল, চ্যাংকি জাঙ্ক জুয়েলারি, স্টাইলিশ টোট ব্যাগ এবং ট্রেন্ডি সানগ্লাস দিয়ে বাজিমাৎ!
রোমান্স এবং লাক্সারি:
কিছু স্টাইল কখনো পুরানো হয় না - যেমন গাঢ় মেরুন, মিড্ নাইট ব্লু বা চকলেট কালারের সিল্ক, সাটিন বা ভেলভেটের গাউন,ড্রেস বা শাড়ী।
আজকাল কেতাদুরস্ত মহিলারা মোডাল সিল্ক আর ভিসকোস এর শাড়ী বা পোশাক ও খুব পছন্দ করছেন।
সঙ্গে মাঝারি সাইজের এক ছড়া গোল মুক্তোর হার, ক্লাচ ব্যাগ, কালার এবং হাইলাইট করা হেয়ার স্টাইলে প্রিয়তমের মন মাতিয়ে দিতে পারেন অনায়াসে।
শীত এখনো পুরো পুরি যায়নি, তাই স্টাইলিশ জ্যাকেট বা কোট, কিংবা বিশেষ ভাবে ড্রেপ করা স্টোল বা শাল আপনার যে কোনো লুকে অন্য মাত্রা এনে দিতে পারে।
তাহলে আর দেরি নয়! তৈরী হয়ে নিন ভালোবাসার মরশুমে, আদরের রঙে, মন মতো সেজে নিতে।