প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
বাংলার মাটি, বাংলার জল -সে কোনকালে কবিগুরু লিখেছেন মনিমুক্তোয় ভরা এ দুটি লাইন। এবং তা যথার্থই। বাংলার মাটি, জল বায়ূতে আছে এক পরম মায়া, যাতে শাকসবজির পাশাপাশি ফুল-ফল সবই বড় বেশি সুন্দর। ফুল শুধু ঘরের শোভা বাড়ায় না, বাড়ায় খাবারের স্বাদ ও পুষ্টির মানও। প্রকৃতির এই রঙিন উপহারগুলি যেমন নান্দনিক, তেমনি উপকারীও। শাপলা থেকে শুরু করে জুঁই, প্রতিটি ফুলের নিজস্ব স্বাদ, ঘ্রাণ, আর পুষ্টিগুণ রয়েছে। আজ না হয় সে কথাই হোক।
১.শাপলা ফুল
পুষ্টিগুণ: শাপলা মূলত আঁশসমৃদ্ধ, হালকা খাবার হিসেবে দেহকে ঠান্ডা রাখে। এতে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন এবং ভিটামিন সি।
রান্নায় ব্যবহার: শাপলা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, শুক্তো, বড়া বা ভাজা খুব জনপ্রিয়। চিংড়ি বা ছোট মাছের সঙ্গে শাপলার ঝোল গ্রামবাংলার পরিচিত পদ।
২.বকফুল
পুষ্টিগুণ: বকফুলে থাকে ক্যালসিয়াম, ফাইবার ও ভিটামিন এ ও সি। এটি হজমে সহায়তা করে।
রান্নায় ব্যবহার: বকফুল বড়া বা পাকোড়া খুব জনপ্রিয়। বেসন ও মশলা মিশিয়ে ভেজে নিলেই তৈরি হয় মুচমুচে বড়া।
৩.সর্ষে ফুল
পুষ্টিগুণ: সর্ষে ফুলে থাকে ফাইটোকেমিক্যাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এবং মিনারেলস।
রান্নায় ব্যবহার: সর্ষে ফুল দিয়ে ভর্তা বা বড়া হয়। এর একটি তীব্র স্বাদ আছে যা সরষে দানার মতই ঝাঁঝালো।
৪.কচু ফুল
পুষ্টিগুণ: ফাইবার, আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ। এটি হজমে সহায়তা করে ও রক্তশূন্যতা দূর করে।
রান্নায় ব্যবহার: কচু ফুলের চচ্চড়ি, বড়া কিংবা নারকেল ও চিংড়ি দিয়ে রান্না করা পদ বেশ জনপ্রিয়।
৫.অপরাজিতা ফুল
পুষ্টিগুণ: এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট এবং Anthocyanin রয়েছে যা স্মৃতিশক্তি বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে সবল রাখতে সাহায্য করে।
রান্নায় ব্যবহার: সাধারণত চা বা শরবত হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও হয় পোলাও। এর নীল রঙ প্রাকৃতিক খাদ্যরঙ হিসেবেও ব্যবহৃত হয়।
৬.জবা ফুল
পুষ্টিগুণ: রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, ডায়াবেটিস কমাতে সহায়তা করে, এবং চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত।
রান্নায় ব্যবহার: জবা ফুলের চা এখন স্বাস্থ্য সচেতনদের কাছে খুবই প্রিয়। সরাসরি রান্নায় খুব বেশি ব্যবহৃত না হলেও এর নির্যাস চা বা বিভিন্ন পানীয় তে মেশানো হয়।
৭.জুঁই ফুল
পুষ্টিগুণ: এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, মনকে শান্ত রাখে ও অনিদ্রা কমাতে সাহায্য করে।
রান্নায় ব্যবহার: জুঁই মূলত সুগন্ধি চা তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এর নির্যাস ব্যবহার করা হয় পোলাও তে। কিছু দেশে এটি ভাতের সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়।
৮.গোলাপ ফুল
পুষ্টিগুণ: গোলাপে থাকে ভিটামিন সি ও পলিফেনল যা ত্বক ভালো রাখে এবং হজমে সাহায্য করে।
রান্নায় ব্যবহার: গোলাপ জল, গোলাপ সিরাপ, মিষ্টান্ন (যেমন: গোলাপজাম) বা শরবতে ব্যবহৃত হয়। ইদানীং সালাদ বা ডেজার্টে ডেকোরেশনের জন্যও ব্যবহার করা হচ্ছে।
৯.বেলি ফুল
পুষ্টিগুণ: বেলি মনকে শান্ত করে, হজমে সাহায্য করে, এবং অ্যান্টিসেপটিক উপাদান হিসেবে কাজ করে।
রান্নায় ব্যবহার: বেলি ফুলের চা তৈরি হয়, যা রুচি বৃদ্ধি করে ও স্ট্রেস কমাতে সাহায্য করে।
প্রকৃতির এই নিঃস্বার্থ দানগুলিকে হেঁশেলের অংশ করে নেওয়া মানে শুধু স্বাদ নয়, শরীর ও মনকে ভালো রাখার এক সহজ পথ বেছে নেওয়া। ফুল দিয়ে রান্না, এ যেন এক কবিতা, যে কবিতার প্রতিটি ছন্দে আছে পুষ্টির সঙ্গে ভালোবাসার গন্ধ।