ভ্রমণ
নিজস্ব প্রতিনিধি
ঘন সবুজে ঢাকা পাহাড়, মাঝখানে বয়ে চলা নদী, আর তার পাশেই ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি গ্রাম। শুনলে মনে হবে কোনও পরিপাটি ইউরোপীয় গল্পের দৃশ্যপট। কিন্তু না, এ কোনও রূপকথা নয়। বাস্তবেই রয়েছে এমন এক গ্রাম, যেখানে থাকতে গেলে আপনাকে মাসে খরচ করতে হবে মাত্র ১ ইউরো বাংলায় বলতে গেলে ৮৮ টাকার মতো! সেই গ্রামের নাম ওল্লোলাই (Ollolai)। ইতালির সার্ডিনিয়া প্রদেশে অবস্থিত এই নিভৃত গ্রামটি বর্তমানে আন্তর্জাতিক পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণের কেন্দ্র। কারণ, এখানে প্রায় বিনামূল্যে থাকা ও কাটিয়ে দেওয়ার সুযোগ দিচ্ছে স্থানীয় প্রশাসন। তবে হ্যাঁ, এর বিনিময়ে রয়েছে এক অদ্ভুত শর্ত।
কী সেই শর্ত?
আপনাকে এই গ্রামের মানুষদের সঙ্গে ভাগ করে নিতে হবে আপনার জীবনের অভিজ্ঞতা, জ্ঞানের ভাণ্ডার। আপনি শিক্ষক হতে পারেন, লেখক, শিল্পী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার বা চিকিৎসক পেশা যাই হোক না কেন, গ্রামে এসে আপনাকে নিতে হবে ছোট ছোট সেশনের মতো কিছু ক্লাস, যেখানে আপনাকে শেখাতে হবে স্থানীয়দের। বিষয় হতে পারে আপনার কাজ বা সংস্কৃতি সংক্রান্ত যেকোনও কিছু। আসল উদ্দেশ্য হল দু টি সংস্কৃতির মধ্যে এক সুন্দর আদানপ্রদান।
এই উদ্যোগটির পেছনে রয়েছে দুইটি মূল লক্ষ্য
১. জনসংখ্যা কমে যাওয়া গ্রামে প্রাণ ফেরানো
২. বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতির সঙ্গে গ্রামের মানুষদের পরিচয় ঘটানো।
ওল্লোলাই-তে থাকতে চাইলে আপনাকে বড় কোনও অর্থ খরচ করতে হবে না। শুধু এক ইউরো প্রতি মাসে। তবে এটিকে যেন বিনে পয়সার ছুটি মনে না করেন। এই অভিজ্ঞতা মূলত ভাবনার খোরাক, মননচর্চা এবং রুটিনময় জীবনের বাইরে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক অভিনব উপায়। তবে একটি দিক মনে রাখতে হবে এই গ্রামটি মূল শহর থেকে অনেকটা দূরে, পাহাড়ের কোলে। কাছাকাছি নেই কোনও বিমানবন্দর বা বড় স্টেশন। ফলে আধুনিক জীবনযাত্রার ব্যস্ততা থেকে দূরে নিঃসঙ্গ প্রকৃতির সান্নিধ্যে থাকতে ইচ্ছুক হলেই এই অভিজ্ঞতা উপভোগ করা সম্ভব।
কারা আবেদন করতে পারেন?
যে কোনও দেশ থেকে আগত, যে কোনও পেশার মানুষ আবেদন করতে পারেন। বয়স বা নাগরিকত্বের বাধা নেই। শুধুমাত্র থাকতে হবে শেখানোর আগ্রহ এবং নিজের পেশাগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছা।
কাদের জন্য আদর্শ এই অভিজ্ঞতা?
যারা কিছুদিন শহরের কোলাহল থেকে মুক্তি চান
ডিজিটাল নোম্যাড বা রিমোট ওয়ার্কাররা
লেখক, গবেষক, বা শিল্পীরা, যারা প্রকৃতির মাঝে কাজ করতে চান
রিটায়ার্ড নাগরিক, যাঁরা শান্তিপূর্ণ জীবন কাটাতে চান
কিংবা নতুন কোনও ভাষা ও সংস্কৃতি জানার আগ্রহ যাঁদের আছে।
আজকের দিনে যখন বিদেশ ভ্রমণ মানেই বড়সড় খরচের ছক, তখন এমন সুযোগ নিঃসন্দেহে বিরল। শুধু বেড়ানো নয়, শেখানো ও শিখে নেওয়ার এক মিশ্র অভিজ্ঞতা এই প্রজেক্ট। আপনার পরিচিত কারও যদি স্বপ্ন থাকে ইউরোপে গিয়ে এক অন্য রকম জীবন কাটানোর, তাহলে ওল্লোলাই হতে পারে সেই নতুন অধ্যায়ের শুরু।