19th Feb 2026

Highlights :

www.rojkarananya.com news

ভালোবাসা অনলাইন: মনের মানুষ না কি প্রতারণার ফাঁদ?

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


এক সময় প্রেম শুরু হতো এক চাবুক হাসি, হয়তো ট্রামে বা লাইব্রেরির কোণে হঠাৎ দেখা, আর তাতেই হৃদয়ের লাটিম ঘুরে যেত। এখন সেই এক পলকের প্রেম যেন পুরোনো দিনের গল্প। আজকের প্রজন্ম প্রেমে পড়ে এক স্ক্রল বা সোয়াইপ-এ। নতুন বন্ধু কিংবা মনের মানুষ খোঁজার জন্য অনেকেই নির্ভর করছেন অনলাইন ডেটিং অ্যাপের উপর। নামের তালিকায় রয়েছে টিন্ডার, বাম্বল, হিঞ্জ-এর মতো জনপ্রিয় অ্যাপ। একাকিত্ব, সামাজিক যোগাযোগের অভাব কিংবা আধুনিক জীবনের ব্যস্ততায় ঘর বাঁধার স্বপ্ন এখন অনেকেই এভাবেই দেখছেন।

তবে এই প্রেমের সফরে সাবধানতার দরকার যে কতটা, সেটা অনেকেই অনুধাবন করেন না আর সেই সুযোগটাই নিচ্ছে প্রতারকরা। ডেটিং অ্যাপে পরিচয়, তারপর আলাপ, ঘনিষ্ঠতা এর পরেই শুরু হয় ভয়ঙ্কর এক অধ্যায়। কখনও বিপদে পড়েছি বলে টাকা চাওয়া, কখনও বা অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করা, কখনও আবার ব্যক্তিগত তথ্য হাতিয়ে আইনি ঝামেলায় ফাঁসিয়ে দেওয়া এইসব ঘটনা বাস্তব, এবং সংখ্যাও বাড়ছে লাফিয়ে। সাইবার আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপগুলিতে এখন নানা ধরনের সাইবার অপরাধের ঘটনা ঘটছে। অনেকেই মনের মানুষ পাওয়ার আশায় বা নিঃসঙ্গতা কাটাতে গিয়ে বড়সড় ফাঁদে পড়ছেন। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ।

ডেটিং অ্যাপ ব্যবহারে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?

১. সন্দেহজনক প্রোফাইল চিনুন: প্রোফাইলটি খুব সুন্দর ছবি ও আকর্ষণীয় বায়ো দিয়ে বানানো হলেও খুব দ্রুত ব্যক্তিগত কথা বলতে চাইলে সাবধান হোন।

2. অন্য প্ল্যাটফর্মে সরার চাপ: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যেতে জোর করলে সতর্ক হন। অনেক প্রতারক মূল অ্যাপের নিরাপত্তা এড়িয়ে অন্যত্র নিয়ে যায়।

3. আর্থিক লেনদেন নয়: কোনওভাবে টাকা চাওয়া বা UPI অনুরোধ এলে সরাসরি না বলুন।

4. লোকেশন ও পার্সোনাল তথ্য গোপন রাখুন: ঠিকানা, অফিস, স্কুল-কলেজ, পারিবারিক তথ্য কারও সঙ্গে তাড়াহুড়ো করে শেয়ার করবেন না।

5. ভিডিওকল ছাড়া দেখা নয়: সরাসরি দেখা করার আগে অন্তত দু একবার ভিডিওকলে কথা বলুন, যাতে ভুয়ো প্রোফাইলের সন্দেহ দূর করা যায়।

6. কোনও চাপ বা ভয় দেখালে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন: প্রায় সব ডেটিং অ্যাপেই রিপোর্ট/ব্লক করার অপশন থাকে। প্রয়োজনে সাইবার থানায় অভিযোগ জানান।

সব অ্যাপই কি বিপজ্জনক?

তা নয়। অনেক অ্যাপই ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য নানারকম ব্যবস্থা নিয়েছে যেমন, প্রোফাইল যাচাই (verification), সন্দেহজনক কথাবার্তার জন্য AI ফিল্টার, রিপোর্টিং ব্যবস্থা ইত্যাদি। তবে সমস্যা হয় যখন আমরা নিজেরাই উদাসীন হয়ে যাই। তাই প্রযুক্তি নয়, আসল চাবিকাঠি আমাদের সচেতনতা। ভালোবাসা, সম্পর্ক, নির্ভরতা এগুলো জীবনের গভীর অনুভবের নাম। তা যদি স্ক্রিনের ওপারে খুঁজে পান, তাতেও আপত্তির কিছু নেই। তবে সেই সম্পর্ক যেন আপনার আত্মসম্মান বা নিরাপত্তার উপর আঘাত না হানে। তাই চেনা মুখের পেছনে লুকিয়ে থাকা অচেনা বিপদের সম্ভাবনাও মাথায় রাখুন। অনলাইন হোক বা অফলাইন, বিশ্বাস করার আগে চিনে নেওয়া জরুরি।

Archive

Most Popular